Skip to content
The Barak Live 24

তিন দিনের সফরে মিজোরামে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সোমবার মিজোরাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ও রজতজয়ন্তী অনুষ্ঠানে যোগদান

তিন দিনের সফরে মিজোরামে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সোমবার মিজোরাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ও রজতজয়ন্তী অনুষ্ঠানে যোগদান

আইজল: তিন দিনের সরকারি সফরে শনিবার মিজোরামে পৌঁছলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার বিকেল ৩টা নাগাদ লেংপুই বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখানে রাজ্যপাল (অবসরপ্রাপ্ত) জেনারেল বিজয় কুমার সিং, মুখ্যমন্ত্রী লালদুহোমা, শিক্ষামন্ত্রী ড. ভানলালথলানা-সহ রাজ্য সরকারের বিশিষ্ট আধিকারিকরা তাঁকে স্বাগত জানান।

বিমানবন্দর থেকে সড়কপথে আইজলের লোকভবনের উদ্দেশে রওনা দেন রাষ্ট্রপতি। সেখানে রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি একটি প্রদর্শনী পরিদর্শনের কর্মসূচি রয়েছে তাঁর। এছাড়া রাষ্ট্রপতির সম্মানে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। পরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নৈশভোজে অংশ নেওয়ার কথা রয়েছে।

রবিবার বিকেলে রাষ্ট্রপতি কেলসিহে অবস্থিত রোপুইলিয়ানি ট্রাইবাল ফ্রিডম ফাইটার্স মিউজিয়াম এবং ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট পরিদর্শন করবেন। সেখানে একটি গাছের চারা রোপণ করবেন তিনি। এরপর ফালকাউনের ঐতিহ্যবাহী মিজো গ্রাম ‘জোখুয়া’ (Typical Mizo Village) পরিদর্শন করে সেখানেও বৃক্ষরোপণ করার কর্মসূচি রয়েছে।

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে আগামী সোমবার। ওইদিন মিজোরাম বিশ্ববিদ্যালয়ের ২১তম সমাবর্তন অনুষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি। সমাবর্তনে শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণ দেওয়ার পাশাপাশি কৃতী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেবেন তিনি। একই অনুষ্ঠানে মিজোরাম বিশ্ববিদ্যালয়ের সিলভার জুবিলি পার্ক এবং একটি বিশেষ স্মারকগ্রন্থেরও উদ্বোধন করবেন রাষ্ট্রপতি।

সফরসূচি অনুযায়ী, সোমবার বিকেলে মিজোরাম সফর শেষ করে নাগাল্যান্ডের উদ্দেশে রওনা দেবেন রাষ্ট্রপতি।

এদিকে রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে গোটা আইজল শহর-সহ মিজোরাম বিশ্ববিদ্যালয়, লোকভবন, ফালকাউন ও কেলসিহ সংলগ্ন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট এলাকাগুলিতে ড্রোন ও ড্রোন-সংক্রান্ত সরঞ্জাম ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। রাষ্ট্রপতির যাতায়াতের নির্ধারিত রাস্তার দু’পাশে যানবাহন পার্কিংয়ের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তার কারণে ওই রুটের পেট্রল পাম্পগুলিও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a comment

Leave a Reply

error: Content is protected !!