Skip to content
The Barak Live 24

বড়পেটা রোডে প্রকাশ্য দিবালোকে মহিলাকে দা দিয়ে কুপিয়ে খুন! প্রাক্তন স্বামীর বিরুদ্ধে পরিবারের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য।

বড়পেটা রোডে প্রকাশ্য দিবালোকে মহিলাকে দা দিয়ে কুপিয়ে খুন! প্রাক্তন স্বামীর বিরুদ্ধে পরিবারের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য।

বড়পেটা, ২৭ নভেম্বর: অসমের বড়পেটা রোড ও হাউলির মধ্যবর্তী ইটাপাড়ায় ২৭ নম্বর জাতীয় সড়কের উপর এক মহিলাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যস্ত জাতীয় সড়কের উপর প্রকাশ্যে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহতের পরিবারের অভিযোগ, এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন মহিলার প্রাক্তন স্বামী হাসেন আলি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যায় প্রায় সাড়ে সাতটা নাগাদ রেজিয়া খাতুন বড়পেটা রোডের দিকে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন এক যুবতী। ইটাপাড়া এলাকায় জাতীয় সড়কে পৌঁছতেই মোটরসাইকেলে করে আসা এক ব্যক্তি আচমকা ধারালো দা দিয়ে রেজিয়ার উপর হামলা চালায়। এলোপাতাড়ি কোপ মেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত।

চোখের সামনে এমন ভয়াবহ ঘটনা দেখে সঙ্গে থাকা যুবতী চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন এবং শিমলাগুড়ি পুলিশ ফাঁড়িতে খবর দেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় রেজিয়া খাতুনকে উদ্ধার করে বরপেটা রোড সরকারি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে সঙ্গে থাকা যুবতীর বয়ানের ভিত্তিতে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। তাঁর বাড়ি হাউলি থানার অন্তর্গত বরবালা গ্রামে।

এদিকে, নিহতের পরিবারের পক্ষ থেকে প্রাক্তন স্বামী হাসেন আলির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। তবে হত্যাকাণ্ডে তাঁর প্রত্যক্ষ যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তসাপেক্ষ।

প্রকাশ্য জাতীয় সড়কে এভাবে এক মহিলাকে কুপিয়ে হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার পেছনে কী কারণ রয়েছে এবং কারা এই হত্যাকাণ্ডে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a comment

Leave a Reply

error: Content is protected !!