জামালপুরে অবৈধ মাটি কাটার অভিযোগ, পৈতৃক জমি দখল ও প্রাণনাশের হুমকির দাবি

ধলাই: কাছাড় জেলার ধলাই থানাধীন জামালপুর ফরেস্ট ভিলেজে অবৈধভাবে মাটি কাটা ও পাচার, পৈতৃক জমি দখল এবং প্রাণনাশের হুমকির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ধলাই থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ গ্রহণে অনীহার অভিযোগ তুলে অবশেষে কাছাড়ের পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন স্থানীয় বাসিন্দা সাহাব উদ্দিন লস্কর।
পুলিশ সুপারের কাছে দাখিল করা লিখিত অভিযোগে সাহাব উদ্দিন লস্কর ফকরুল আলম মজুমদার নামে এক ব্যক্তির বিরুদ্ধে অবৈধ মাটি কাটার কারবার পরিচালনার অভিযোগ এনেছেন। তাঁর দাবি, একটি নম্বরবিহীন জেসিবি ও ৪০৭ ট্রাক ব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকায় মাটি কাটা ও পাচার করা হচ্ছে।

অভিযোগ অনুযায়ী, গত ১৬ নভেম্বর রাতের অন্ধকারে স্থানীয় ফরেস্ট এলাকার মাটি খুঁড়ে পাচার করা হয়। পাশাপাশি মাটি পরিবহণের সুবিধার্থে অভিযোগকারীর পৈতৃক জমির ওপর মাটি ফেলে রাস্তা তৈরি করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।
এ কাজে বাধা দিতে গেলে অভিযুক্ত পক্ষ ধারালো অস্ত্র নিয়ে আক্রমণের চেষ্টা করে এবং প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ সাহাব উদ্দিনের। এমনকি পরিবেশের ক্ষতির আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানালেও প্রভাব খাটিয়ে মাটি কাটার কাজ অব্যাহত রাখার অভিযোগ উঠেছে।
ঘটনার নিরপেক্ষ তদন্ত, তাঁর অভিযোগের ভিত্তিতে এজাহার গ্রহণ এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বৃহস্পতিবার কাছাড়ের পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন তিনি। তবে অভিযোগগুলির সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পুলিশি তদন্তের পরই ঘটনার প্রকৃত চিত্র স্পষ্ট হবে।






Leave a comment