আমিনগাঁওয়ে STF-এর বড়সড় অভিযান, ৮৫ কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেফতার ২
গুয়াহাটি: অসমে মাদক পাচারের বিরুদ্ধে ফের বড়সড় সাফল্য পেল স্পেশাল টাস্ক ফোর্স (STF)। গুয়াহাটির উপকণ্ঠে আমিনগাঁওয়ে অভিযান চালিয়ে প্রায় ৮৫ কোটি টাকা মূল্যের ১০.৭২ কেজি হেরোইন উদ্ধার করেছে STF। বৃহস্পতিবার সকালে একটি কালো রঙের Ford Endeavour গাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ এই মাদক বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
STF সূত্রে জানা গিয়েছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ASP কল্যাণ কুমার পাঠকের নেতৃত্বে অভিযান চালানো হয়। তল্লাশির সময় বিলাসবহুল SUV-র ভিতর থেকে উদ্ধার হয় ১০.৭২ কেজি হেরোইন।

প্রাথমিক তদন্তে অনুমান, মণিপুরের তেঙনৌপাল জেলা থেকে মাদকগুলি নিয়ে পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা হয়েছিল গাড়িটি। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন রাকিবুল ইসলাম ও মহম্মদ জাহাঙ্গির আলি। রাকিবুল নাগাল্যান্ডের বাসিন্দা এবং জাহাঙ্গির অসমের বরপেটা জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।
উদ্ধার হওয়া মাদকের উৎস, পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় এবং আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে STF। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।





Leave a comment