পালংঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে অটো, আহত ৬।
মদ্যপ অবস্থায় চালানোর অভিযোগ, ব্রেক ফেল করার দাবি চালকের।

ধলাই: পূর্ব ধলাইর পালংঘাটের শান্তি আশ্রম এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে সোজা খাদে পড়ে উল্টে গেল যাত্রীবাহী অটোরিকশা। বৃহস্পতিবার বেলা আনুমানিক ১১টা ১০ মিনিট নাগাদ কাবুগঞ্জ-আমড়াঘাট পূর্ত সড়কে ঘটে এই দুর্ঘটনা। এতে এক শিশুসহ মোট ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই মহিলা গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

জানা যায়, আমড়াঘাট থেকে শিলচর অভিমুখে যাচ্ছিল AS 11 GC 0668 নম্বরের অটোরিকশাটি। পালংঘাটের শান্তি আশ্রম এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর অটোরিকশাটি সড়ক থেকে নিচে নেমে গিয়ে উল্টে যায়। দুর্ঘটনার সময় অটোতে চালকসহ মোট সাতজন ছিলেন।

এক মহিলা যাত্রী অটোর নিচে চাপা পড়ে যান। অন্য এক মহিলাও গুরুতর আহত হন। এছাড়া এক শিশুসহ আরও চারজন সামান্য আঘাত পান। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পালংঘাট মডেল হাসপাতালে পাঠান।

এদিকে, চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে অভিযোগ তুলে উত্তেজিত জনতা তাঁকে মারধর করে আটকে রাখেন। খবর পেয়ে পালংঘাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে নিজেদের হেফাজতে নেয়। প্রাথমিক তদন্তের পর দুর্ঘটনাগ্রস্ত অটোরিকশাটিও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

অন্যদিকে, চালকের বক্তব্য, তিনি সারা রাত জেগে ছিলেন। এক অন্তঃসত্ত্বা মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হলে তিনি তাঁদের নিয়ে শিলচরের উদ্দেশ্যে রওনা হন। পথে গাড়ির ব্রেক ফেল করার কারণেই দুর্ঘটনাটি ঘটে বলে দাবি করেন তিনি। তবে স্থানীয়দের দাবি, দুর্ঘটনাগ্রস্ত অটোরিকশাটি উদ্ধারের পর পরীক্ষা করে ব্রেক সঠিকভাবে কাজ করতে দেখা গেছে। ফলে দুর্ঘটনার প্রকৃত কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

এই ঘটনা ফের একবার যাত্রীবাহী যানবাহনের নিরাপত্তা, চালকদের দায়িত্বশীলতা এবং যানবাহনের যান্ত্রিক অবস্থা নিয়মিত পরীক্ষা করার প্রয়োজনীয়তা সামনে নিয়ে এসেছে।





Leave a comment