Skip to content

সাদা বস্তার আড়ালে পাচারের কৌশল, ফের সার বোঝাই গাড়ি আটক লাইলাপুর পুলিশের

সাদা বস্তার আড়ালে পাচারের কৌশল, ফের সার বোঝাই গাড়ি আটক লাইলাপুর পুলিশের

চিনি বহনের সাদা বস্তা! বাইরে থেকে দেখলে মনে হবে সাধারণ পণ্য পরিবহনের গাড়ি। কিন্তু সেই সাদা বস্তার আড়ালেই লুকিয়ে রাখা হয়েছে ইউরিয়া সার। পাচারকারীদের অভিনব কৌশল, পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা, তবে শেষরক্ষা হলো না।

বর্তমানে রবিশস্যের মরশুম। মাঠে চাষের প্রস্তুতি চলছে, আর অন্যদিকে সারের সংকটে হাহাকার করছেন স্থানীয় কৃষকরা। চড়া দামে সার কিনতে বাধ্য হচ্ছেন তাঁরা। অভিযোগ, অসমের কৃষকদের জন্য বরাদ্দ ইউরিয়া সারই কৌশলে পাচার হয়ে যাচ্ছে মিজোরাম হয়ে মায়ানমারের দিকে। তবে পাচার রুখতে তৎপর রয়েছে লাইলাপুর পুলিশ। গত এক মাসে একাধিক পাচারের চেষ্টা আটকে দেওয়ার পর এবারও পুলিশের নজরদারিতে ধরা পড়ল সার পাচারের নতুন কৌশল।

 

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ‘AS 11 EC 0151’ নম্বরের একটি গাড়িকে লাইলাপুর নাকা চেকিং পয়েন্টে থামানো হয়। তল্লাশি চালাতেই সামনে আসে চমক! গাড়িতে রাখা ছিল মোট ৩৫০ বস্তা সন্দেহজনক ইউরিয়া সার। সাদা বস্তার আড়ালে লুকিয়ে রাখা হয়েছিল সারের বস্তাগুলি, যাতে সহজেই পুলিশের চোখ এড়ানো যায়।

গাড়ির চালক সিরাজ উদ্দিন, বয়স ৩৫ বছর। বাড়ি হাইলাকান্দি জেলার আলগাপুর থানাধীন উত্তর কাঞ্চনপুর গ্রামে। তাঁর কাছ থেকে ওই ৩৫০ বস্তা সার বাজেয়াপ্ত করেছে পুলিশ।

কৃষকের জমিতে ফসল ফলানোর জন্য বরাদ্দ সার যদি সীমান্ত পেরিয়ে পাচারের পথে চলে যায়, তাহলে কৃষকের দুর্ভোগ আরও বাড়বে। তাই পাচারকারীদের এই কৌশল যতই অভিনব হোক, লাইলাপুর পুলিশের নজরদারিতে বারবার ভেস্তে যাচ্ছে সেই চেষ্টা।

সারের কালোবাজারি ও পাচার বন্ধ হলে তবেই স্বস্তি ফিরবে কৃষকের মাঠে।

Leave a comment

Leave a Reply

error: Content is protected !!