মর্মান্তিক দুর্ঘটনায় ৭ মাসের অন্তঃসত্ত্বা মহিলার করুণ মৃত্যু, স্বামীও আহত। 

মর্মান্তিক দুর্ঘটনায় ৭ মাসের অন্তঃসত্ত্বা মহিলার করুণ মৃত্যু, স্বামীও আহত।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর থানা এলাকার ৩৭ নম্বর জাতীয় সড়কের লবণখালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৭ মাসের অন্তঃসত্ত্বা এক মহিলা। মৃতার নাম মেরি লালহিনপুই (৩১)। তাঁর বাড়ি লবণখালে।

বুধবার সকালে স্বামীর সঙ্গে স্কুটিতে করে ফুলেরতনের উদ্দেশ্যে যাওয়ার সময় পেছন দিক থেকে মণিপুর থেকে শিলচরগামী একটি তেলবাহী ট্যাঙ্কার তাঁদের স্কুটিতে ধাক্কা মারে। ধাক্কার জেরে স্কুটি থেকে ছিটকে জাতীয় সড়কের উপর পড়ে যান অন্তঃসত্ত্বা মেরি লালহিনপুই। তাঁর স্বামীও রাস্তার পাশে ছিটকে পড়েন।

এরপর ট্যাঙ্কারটি ফের মহিলাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় তাঁর স্বামীও আহত হন। তবে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

ঘটনার পর ট্যাঙ্কারটির চালক গাড়ি নিয়ে শিলচরের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে লক্ষ্মীপুর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাঁশকান্দি পুলিশকে বিষয়টি জানায়। বাঁশকান্দি থানার ইনচার্জ রিপন নমশুদ্র রাস্তায় অভিযান চালিয়ে এমএন-০১-এম-৪১৮০ নম্বরের তেলবাহী ট্যাঙ্কারসহ চালককে আটক করতে সক্ষম হন।

ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ৭ মাসের অন্তঃসত্ত্বা মেরি লালহিনপুইয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

और पढ़ें

error: Content is protected !!