নথিপত্র না থাকলেই গবাদি পশু জবাইয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে—ধরে নেওয়া যায় না: সুপ্রিমকোর্ট

নয়াদিল্লি, ৩ অক্টোবর: গবাদি পশু পরিবহণের বৈধ নথিপত্র না থাকলেই সেগুলি জবাইয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল—এমনটা ধরে নেওয়া যায় না। একটি মামলার রায়ে এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে সুপ্রিম কোর্ট।

ছত্তীসগঢ়ে ৩২টি বলদ বেআইনি ভাবে পরিবহণের অভিযোগে সুরভ বাজাজ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে ছত্তীসগঢ়ের Agricultural Cattle Preservation Act, 2004-এর অধীনে মামলা হয়। নিম্ন আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড এবং জরিমানার সাজা দেয়। পরে হাই কোর্টও সেই সাজা বহাল রাখে।

এরপর বিষয়টি সুপ্রিম কোর্টে পৌঁছলে বিচারপতি জে বি পারদিওয়ালা এবং কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ নিম্ন আদালত ও হাই কোর্টের সিদ্ধান্ত বাতিল করে অভিযুক্তকে বেকসুর খালাস দেয়। আদালতের বক্তব্য, শুধু পরিবহণের প্রয়োজনীয় নথিপত্র না থাকার ভিত্তিতে গবাদি পশুগুলিকে জবাইয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে অনুমান করা যায় না।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, সংশ্লিষ্ট আইনে দোষী সাব্যস্ত করতে হলে গবাদি পশুগুলিকে জবাইয়ের উদ্দেশ্যে পরিবহণ করা হচ্ছিল, অথবা সেগুলিকে জবাই করা হতে পারে—এমন বিষয়ে নির্ভরযোগ্য প্রমাণ থাকা প্রয়োজন। শুধু একজন হেড কনস্টেবলের অনুমানকে এর যথেষ্ট প্রমাণ হিসেবে গ্রহণ করা যায় না।

মামলায় পশু চিকিৎসক এবং একটি গোশালা কমিটির পক্ষ থেকেও জানানো হয়েছিল যে উদ্ধার হওয়া বলদগুলি কৃষিকাজে ব্যবহারের উপযোগী। এই পরিস্থিতিতে সেগুলি জবাইয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল—এমন দাবির পক্ষে পর্যাপ্ত প্রমাণ নেই বলেই মত দেয় শীর্ষ আদালত।

আদালত আরও স্পষ্ট করেছে, অন্য কোনও আইনের অধীনে পরিবহণের নথিপত্র না থাকলে তার জন্য সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া যেতে পারে। কিন্তু সেই নথির অভাবকে সরাসরি গবাদি পশু জবাইয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার প্রমাণ হিসেবে গণ্য করা যাবে না।

অর্থাৎ, সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের মূল কথা—বৈধ নথিপত্র না থাকা এবং জবাইয়ের উদ্দেশ্য প্রমাণিত হওয়া, দু’টি এক বিষয় নয়।

SOURCE:AB ONLINE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

और पढ़ें

শিলচর পুরনিগম নির্বাচন: ৩ অক্টোবর সরকারি ছুটি ঘোষণা ভোটগ্রহণের দিন বন্ধ থাকবে রাজ্য সরকারি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠান শিলচর, ১ অক্টোবর: শিলচর পুরনিগমের নির্বাচন উপলক্ষে আগামী ৩ অক্টোবর ২০২৬, শনিবার, শিলচর পুরনিগমের আওতাধীন এলাকায় সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। অসম সরকারের সাধারণ প্রশাসন বিভাগের ২০ সেপ্টেম্বর ২০২৬-এর বিজ্ঞপ্তি অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ওইদিন শিলচর পুরনিগম এলাকার অন্তর্গত সমস্ত রাজ্য সরকারি কার্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। একই সঙ্গে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ২৫ ধারা এবং ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের ৮ জুন ১৯৫৭-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, পুরনিগম এলাকার সমস্ত আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। উল্লেখ্য, শিলচর পুরনিগমের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩ অক্টোবর। নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের নির্বিঘ্নে ভোটদানের সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ভোটদাতাকে স্বতঃস্ফূর্তভাবে ভোটদানের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। এদিকে, ভোটের আগে শিলচর পুরনিগম এলাকায় ৪৮ ঘণ্টার নীরবতা পর্বও কার্যকর হয়েছে বলে স্থানীয় প্রতিবেদনে জানানো হয়েছে।

error: Content is protected !!