হাইলাকান্দিতে ফের ট্রেনে কাটা পড়ে মৃত্যু! সৈয়দবন্দ এলাকায় উদ্ধার অবসরপ্রাপ্ত আদালতকর্মীর দেহ

হাইলাকান্দি, ১১ অক্টোবর: হাইলাকান্দিতে ফের রেললাইনের পাশে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ব্যক্তির নাম প্রহ্লাদ চন্দ্র দাস (৬৫)। রবিবার শহর সংলগ্ন সৈয়দবন্দ এলাকায় রেললাইনের পাশে তাঁর দেহ উদ্ধার করা হয়। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মৃতদেহের পাশ থেকে একটি প্যান কার্ড, ভোটার পরিচয়পত্র এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরিচয়পত্রের সূত্র ধরেই মৃত ব্যক্তির পরিচয় জানা যায় বলে খবর।
জানা গিয়েছে, প্রহ্লাদ চন্দ্র দাস করিমগঞ্জ আদালতের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। অবসর গ্রহণের পর তিনি হাইলাকান্দি শহরের ১ নম্বর ওয়ার্ডে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে খবর, ব্যক্তিগত কাজে তিনি গুয়াহাটি গিয়েছিলেন। সেখান থেকে হাইলাকান্দি ফেরার পথেই সৈয়দবন্দ এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের প্রাথমিক অনুমান, চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এটি দুর্ঘটনা, নাকি অন্য কোনও কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া সম্ভব।
ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দাবি উঠেছে। প্রহ্লাদ চন্দ্র দাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে।








