আঙনবাড়িতে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা আদায়ের অভিযোগ, মন্ত্রী-বিধায়কদের সঙ্গে ছবি দেখিয়ে প্রভাব বিস্তার

শ্রীভূমি থেকে হাইলাকান্দিতে এসে বোনের বাড়িতে বসেই প্রতারণার কারবার!

আঙনবাড়িতে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা আদায়ের অভিযোগ, মন্ত্রী-বিধায়কদের সঙ্গে ছবি দেখিয়ে প্রভাব বিস্তারের

হাইলাকান্দি, ২৫ সেপ্টেম্বর:
শ্রীভূমি থেকে হাইলাকান্দিতে এসে বোনের বাড়িতে বসেই দীর্ঘদিন ধরে প্রতারণার কারবার চালানোর অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। আঙনবাড়ি কেন্দ্রে চাকরি পাইয়ে দেওয়ার নামে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়া এবং বিভিন্ন ক্ষেত্রে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল অমিত কুমার রায়।

জানা গেছে, হাইলাকান্দি সদর থানার পুলিশ গত রাতে অমিত কুমার রায়কে গ্রেফতার করেছে। অভিযোগ, আঙনবাড়িতে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করতেন তিনি। শুধু চাকরিই নয়, বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা ও কাজ পাইয়ে দেওয়ার নামেও প্রতারণা করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

অভিযোগকারীদের দাবি, নিজের প্রভাব ও পরিচিতি রয়েছে—এমনটা বোঝাতে বিভিন্ন মন্ত্রী ও বিধায়কের সঙ্গে তোলা ছবি ব্যবহার করতেন অমিত। সেই ছবি দেখিয়ে সাধারণ মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা তৈরি করে টাকা নেওয়া হতো বলেও অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করার পর অমিত কুমার রায়ের বিরুদ্ধে একাধিক তথ্য সামনে আসে। এরপরই অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

তবে এই প্রতারণা চক্রের পরিধি কতটা বিস্তৃত এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। অভিযোগ অনুযায়ী, বিভিন্নভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়ে থাকতে পারে। ফলে গ্রেফতার হওয়া ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে আর্থিক লেনদেন, প্রতারণার শিকার ব্যক্তিদের সংখ্যা এবং সম্ভাব্য সহযোগীদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

পুলিশের তদন্তের পরই পুরো ঘটনায় প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে। ইতিমধ্যে অমিত কুমার রায়ের গ্রেফতারকে ঘিরে হাইলাকান্দিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

और पढ़ें

error: Content is protected !!