TET পরীক্ষার দুই বছর, এখনও নেই নিয়োগ

TET পরীক্ষার দুই বছর, এখনও নেই নিয়োগ। 

আগরতলায় TET উত্তীর্ণদের বিক্ষোভে পুলিশের বাধা, উত্তেজনা; জলকামান ব্যবহার

১,৮৫৬ জনের অবিলম্বে নিয়োগের দাবি, আটক প্রায় ১০০

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২৪ সালের Teacher Eligibility Test (TET-I ও TET-II) উত্তীর্ণ প্রার্থীদের বিক্ষোভকে ঘিরে বৃহস্পতিবার আগরতলায় উত্তেজনা ছড়ায়। ১,৮৫৬ জন যোগ্য প্রার্থীর অবিলম্বে নিয়োগ, সুপারিশ তালিকা প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভে সামিল হন চাকরিপ্রার্থীরা।

বিক্ষোভ তীব্র আকার নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ব্যবহার করে। পরে প্রায় ১০০ জন বিক্ষোভকারীকে আটক করে AD Nagar Police Lines-এর মাঠে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।

বিক্ষোভকারীদের দাবি, ২০২৪ সালের TET পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নিয়োগের জন্য আবেদন করা হলেও এখনও তাঁদের নিয়োগ হয়নি। প্রায় ১,৮৫৬ জনের নথি যাচাই সম্পন্ন হয়েছে বলেও দাবি করেন তাঁরা। তাঁদের অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও সুপারিশ তালিকা প্রকাশ করা হয়নি।

নতুন করে কোনও বাছাই প্রক্রিয়া না করে পরীক্ষায় উত্তীর্ণ ও যোগ্য প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকায় প্রার্থীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন, অবস্থান-বিক্ষোভ এবং অনশন কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারীরা। ঘটনাকে কেন্দ্র করে আগরতলায় দিনভর উত্তেজনা বজায় থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

और पढ़ें

error: Content is protected !!