Skip to content

শিলচরে ৯ বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার রাজু রায়, বরখাস্ত তদন্তকারী আধিকারিক-সহ দুই পুলিশকর্মী

শিলচরে ৯ বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার রাজু রায়, বরখাস্ত তদন্তকারী আধিকারিক-সহ দুই পুলিশকর্মী

শিলচর, ২৩ নভেম্বর: শিলচরে ৯ বছর বয়সি এক শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগে অবশেষে গ্রেফতার হল অভিযুক্ত রাজু রায় (৩২)। রবিবার শিলচরের মধুরাপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, হোজাই থেকে ফেরার পথে তাকে আটক করা হয়। অভিযুক্ত রাজু রায় প্রয়াত রাকেশ রায়ের ছেলে। তার বাড়ি শিলচরের ৩ নম্বর লিংক রোডের ৫ নম্বর গলিতে।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর শিশুটির মা রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, শিশুটির মায়ের সঙ্গে অভিযুক্তের প্রায় দু’বছর ধরে সম্পর্ক ছিল। সেই সূত্রে অভিযুক্ত পরিবারের ঘনিষ্ঠ হয়ে ওঠে। এমনকি শিশুটিও তাকে ‘বাবা’ বলে সম্বোধন করত। অভিযোগ, এই ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে অভিযুক্ত দীর্ঘদিন ধরে শিশুটির উপর যৌন নির্যাতন চালিয়ে আসছিল।

 

সম্প্রতি শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে মায়ের জিজ্ঞাসাবাদে নির্যাতনের বিষয়টি প্রকাশ্যে আসে। এরপরই শিশুটির মা থানায় অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে ঘটনাসংক্রান্ত একটি অডিও রেকর্ডিং প্রকাশ্যে আসায় শিলচরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এদিকে, অভিযোগ দায়েরের পরও প্রাথমিক পর্যায়ে পুলিশ যথাযথ পদক্ষেপ গ্রহণ করেনি বলে শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযোগ ওঠে। এমনকি প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা ও তদন্তে বিলম্বের অভিযোগও সামনে আসে। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে শিশুটির মা স্থানীয় একটি সংগঠনের সদস্যদের সঙ্গে নিয়ে কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

ঘটনাটি নিয়ে বিতর্ক ও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ জোরালো হওয়ার পর কাছাড়ের পুলিশ সুপার পার্থপ্রতিম দাস নিজেই তদন্তের তদারকির দায়িত্ব গ্রহণ করেন। পাশাপাশি তদন্তে গাফিলতির অভিযোগে তদন্তকারী আধিকারিক অনন্ত সিনহা এবং ল্যান্স নায়েক হরিপদ রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে। পুলিশের এই পদক্ষেপে প্রাথমিক তদন্তের ভূমিকা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে।

অবশেষে অভিযুক্ত রাজু রায়ের গ্রেফতার এই ঘটনায় তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

একটি ৯ বছরের শিশুর সঙ্গে এমন গুরুতর ঘটনার অভিযোগ এবং অভিযোগ পাওয়ার পর পুলিশের ভূমিকা নিয়ে ওঠা প্রশ্ন গোটা সমাজের কাছে উদ্বেগের বিষয়। এখন পরিবারের পাশাপাশি স্থানীয় মহলের দাবি, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আনা হোক এবং শিশুটির নিরাপত্তা, চিকিৎসা ও ন্যায়বিচার নিশ্চিত করা হোক।

Leave a comment

Leave a Reply

error: Content is protected !!