২৩ নভেম্বর থেকে শুরু সোনাই-সোনাবাড়িঘাট সড়কের সংস্কার কাজ, বিভাগের আশ্বাসে আপাতত আন্দোলনে ইতি।

সোনাই, ১৫ নভেম্বর: সোনাই-সোনাবাড়িঘাট সড়কের বেহাল দশা ও সংস্কারের দাবিতে রবিবার উত্তাল হয়ে উঠল সোনাইয়ের ধনেহরি এলাকা। সকাল ১০টা থেকে অবস্থান ধর্মঘট শুরু করেন ক্ষুব্ধ একাংশ যুবক। পরে দুপুর ১২টা নাগাদ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। আন্দোলন চলাকালীন ‘পূর্ত বিভাগ হায় হায়’, ‘গর্ত বিভাগ হায় হায়’ সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।

উল্লেখ্য, সরকারি উন্নয়নমূলক কাজে দুর্নীতি ও গাফিলতির অভিযোগে রাজ্যের পূর্ত বিভাগের ৯ জন বাস্তুকারকে সাময়িক বরখাস্ত করার ঘটনার রেশ কাটতে না কাটতেই সোনাই-ধলাই পূর্ত সড়ক সংমণ্ডলের অধীনে থাকা বিভিন্ন রাস্তার সংস্কার কাজ নিয়ে নতুন করে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় যুবকরা।

আন্দোলনকারীদের অভিযোগ, সরকারি অর্থ ব্যয় হলেও সোনাই-সোনাবাড়িঘাট সড়কের সংস্কার কাজে প্রত্যাশিত গুণগত মান বজায় রাখা হচ্ছে না। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা রাস্তাটির দ্রুত সংস্কারের দাবিতেই তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

এদিকে, সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনাই পুলিশ। পরে বিক্ষোভরত পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর বিভাগীয় কর্তৃপক্ষের দুই জুনিয়র ইঞ্জিনিয়ার এবং সংশ্লিষ্ট বরাতপ্রাপ্ত ঠিকাদার সোনাই থানায় গিয়ে আটক প্রতিবাদকারীদের সঙ্গে দেখা করেন। সেখানে তাঁদের কাছে রাস্তার কাজের বিষয়ে জবাবদিহি চান আন্দোলনকারীরা। দীর্ঘক্ষণ ধরে চলে আলোচনা ও টানাপোড়েন।
অবশেষে বিভাগীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, আগামী **২৩ নভেম্বর থেকে সোনাই-সোনাবাড়িঘাট সড়কের সংস্কার কাজ শুরু করা হবে।** এই আশ্বাসের পর আপাতত পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

তবে আন্দোলনকারীরা শুধু রাস্তা সংস্কারের আশ্বাসেই সন্তুষ্ট নন। সোনাই-ধলাই পূর্ত সড়ক সংমণ্ডলের অধীনে বিভিন্ন রাস্তার সংস্কার কাজে ওঠা অনিয়মের অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছেন তাঁরা। গোটা ঘটনার তদন্ত মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স শাখার মাধ্যমে করিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে।

এখন দেখার বিষয়, ২৩ নভেম্বর থেকে সত্যিই সোনাই-সোনাবাড়িঘাট সড়কের সংস্কার কাজ শুরু হয় কি না, নাকি প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ থেকে যায় রাস্তা সংস্কারের দাবি।
